কুমিল্লায় হামের উপসর্গে আক্রান্ত সিমরান নামে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সিমরান কুমিল্লা নগরীর নুরপুর এলাকার শিমুল মিয়ার মেয়ে। রোববার (৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পিয়াস আহমেদ।
কুমেক হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মিয়া মনজুর আহমেদ জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ হামের উপসর্গের পাশাপাশি শিশুটি নিউমোনিয়াতেও আক্রান্ত ছিল। গত ৪ জুন সংকটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি জানান, হামের উপসর্গ থাকলেও নিউমোনিয়ার জটিলতার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।
তিনি বলেন, হাম আক্রান্ত শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাওয়ায় অন্যান্য সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। তাই জ্বর, কাশি বা সর্দির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে নেওয়ার পাশাপাশি শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিত করার পরামর্শ দেন তিনি।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চলতি বছরে কুমিল্লায় সিমরানসহ মোট ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের হাম শনাক্ত হয়েছিল এবং বাকি ১০ জনের মৃত্যু হয়েছে হাম সন্দেহে।

