সীমান্তে ভারত থেকে অবৈধ পুশইনের চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোরভাবে প্রতিহত করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, পুশইন বন্ধে বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারত সরকারকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে।
সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক নিয়ম ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসরণ না করে কোনো ধরনের পুশইনের চেষ্টা গ্রহণযোগ্য নয়। ভারতে অবস্থানরত অবৈধ ব্যক্তিদের ফেরত পাঠানোর একটি নির্ধারিত প্রক্রিয়া রয়েছে এবং সেই প্রক্রিয়া অনুসরণ করেই ভারতকে কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, অব্যাহত পুশইনের ঘটনা বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এদিকে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক শিশু, নারীসহ বিভিন্ন ব্যক্তিকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর ঘটনা প্রতিরোধে দেশের ২৬টি সীমান্তবর্তী জেলায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ২৪ ঘণ্টা সীমান্তে নজরদারির পাশাপাশি স্থানীয় জনগণও বিজিবিকে সহযোগিতা করছেন।
পুশইন ইস্যুর মধ্যেই সোমবার থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে অবৈধ পুশইন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হবে।

