বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোল করা দলের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি শুধু শিরোপার সংখ্যাতেই নয়, গোলের দিক থেকেও সবার ওপরে অবস্থান করছে। এখন পর্যন্ত বিশ্বকাপের ২২টি আসরে অংশ নিয়ে ১১৪ ম্যাচে ২৩৭ গোল করেছে সেলেসাওরা, যা প্রতি ম্যাচে গড়ে ২.০৮ গোল। বিশ্বকাপে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ১৫ গোল করেছেন কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো। এছাড়া প্রতিপক্ষের একটি আত্মঘাতী গোলও তাদের মোট গোলসংখ্যায় যোগ হয়েছে।
দ্বিতীয় স্থানে রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ২০টি আসরে ১১২ ম্যাচ খেলে দলটি করেছে ২৩২ গোল, ম্যাচপ্রতি গড় ২.০৭। জার্মানির হয়ে বিশ্বকাপে সর্বাধিক ১৬ গোল করেছেন মিরোস্লাভ ক্লোসা, যা বিশ্বকাপ ইতিহাসেরও সর্বোচ্চ ব্যক্তিগত গোলের রেকর্ড। তাদের মোট গোলসংখ্যায় প্রতিপক্ষের চারটি আত্মঘাতী গোল রয়েছে।
তালিকার তৃতীয় স্থানে আছে আর্জেন্টিনা। ১৮টি বিশ্বকাপ আসরে ৮৮ ম্যাচে আলবিসেলেস্তেরা করেছে ১৫২ গোল। ম্যাচপ্রতি গড় ১.৭৩ গোল। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বাধিক ১৩ গোল করেছেন লিওনেল মেসি। তাদের মোট গোলসংখ্যায় রয়েছে প্রতিপক্ষের দুটি আত্মঘাতী গোল।
শীর্ষ দশে ইউরোপের সাতটি এবং লাতিন আমেরিকার তিনটি দল স্থান পেয়েছে। ফ্রান্স ১৩৬ গোল নিয়ে চতুর্থ, ইতালি ১২৮ গোল নিয়ে পঞ্চম, স্পেন ১০৮ গোল নিয়ে ষষ্ঠ এবং ইংল্যান্ড ১০৪ গোল নিয়ে সপ্তম স্থানে রয়েছে। নেদারল্যান্ডসের গোলসংখ্যা ৯৬, উরুগুয়ের ৮৯ এবং হাঙ্গেরির ৮৬।
তবে একটি বিশেষ পরিসংখ্যানে শীর্ষ নয়টি দলের চেয়েও এগিয়ে হাঙ্গেরি। মাত্র ৯টি বিশ্বকাপ আসরে অংশ নিয়ে ৩২ ম্যাচে ৮৬ গোল করেছে দলটি, যা ম্যাচপ্রতি ২.৭২ গোলের অসাধারণ গড়। বিশ্বকাপে হাঙ্গেরির হয়ে সর্বাধিক ১১ গোল করেছেন সান্দর কোচিশ। তাদের গোলসংখ্যায় প্রতিপক্ষের দুটি আত্মঘাতী গোলও অন্তর্ভুক্ত রয়েছে।

