রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে একটি আবাসিক হলের কক্ষে মাদক সেবনের অভিযোগে চার শিক্ষার্থীর আবাসিকতা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৮ জুন) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের একটি কক্ষে অভিযান চালিয়ে প্রশাসন ও ছাত্রকল্যাণ দপ্তরের কর্মকর্তারা চার শিক্ষার্থীকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে গাঁজাও উদ্ধার করা হয়।
অভিযানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী এবং শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের প্রভোস্ট অধ্যাপক আবু বকর সিদ্দিক।
ঘটনার পরপরই ওই চার শিক্ষার্থীর আবাসিকতা বাতিল করা হয় এবং মঙ্গলবারের মধ্যে তাদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাদের আবাসিকতা বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্ত ছাত্রকল্যাণ দপ্তরের এখতিয়ারে নেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা চাইলে উপাচার্যের কাছে আপিল করতে পারবেন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে মাদকসহ যেকোনো ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

