পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১২৭টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ জন বাংলাদেশি হাজি। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫০ হাজার ১০ জন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৩ জুন (সৌদি সময়) পর্যন্ত দেশে ফিরতি হজযাত্রী পরিবহনে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি ২২ হাজার ৯৫২ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এছাড়া সৌদি এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ১৯ হাজার ২৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ৮ হাজার ৩৮০ জন। অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফিরেছেন আরও ৩ হাজার ৭০৬ জন হাজি।
হজযাত্রী পরিবহনে মোট ১২৭টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৫৮টি, সৌদি এয়ারলাইনস ৪৮টি এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইট।
এদিকে, হজ পালন করতে গিয়ে এবং হজ সম্পন্ন হওয়ার পর পর্যন্ত সৌদি আরবে মোট ৫০ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৭ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৬২ হাজার ৮৩৭টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৭ হাজার ৬৬৫টি সেবা দেওয়া হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৪১০ জন বাংলাদেশি হাজি। বর্তমানে ১৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সৌদি ন্যাশনাল হাসপাতালে পাঁচজন, আন-নুর হাসপাতালে তিনজন, কিং আব্দুল্লাহ মেডিক্যাল সিটি হাসপাতালে একজন, মক্কা মেডিক্যাল সেন্টারে চারজন, হেরা জেনারেল হাসপাতালে দুজন, হায়াত ন্যাশনাল হাসপাতালে একজন এবং কিং ফাহাদ জেনারেল হাসপাতালে দুজন ভর্তি রয়েছেন।

