বাংলাদেশ বার কাউন্সিলের অধীন অধস্তন আদালতে আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। শুক্রবার (১২ জুন) মধ্যরাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে তার নাম অন্তর্ভুক্ত হয়।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জাইমা রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সঙ্গে একটি ছোট ব্যক্তিগত অর্জনের খবর শেয়ার করতে চাই। আমার দেশে আইন পেশায় যুক্ত হওয়ার লক্ষ্যে বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়েছিলাম। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।’
জানা গেছে, রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন জাইমা রহমান। এবারের পরীক্ষায় মোট ৩৭ হাজার ৮০ জন আবেদনকারী অংশ নেন। এর মধ্যে প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী।
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি প্রক্রিয়া তিনটি ধাপে সম্পন্ন হয়। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী ধাপে লিখিত এবং এরপর মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। তিন ধাপ সফলভাবে সম্পন্ন করতে পারলেই তারা আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার সুযোগ পাবেন।
তালিকাভুক্ত আইনজীবীরা দেশের বিভিন্ন অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত হতে পারবেন। তবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশায় নিয়োজিত হওয়ার জন্য পৃথক যোগ্যতা ও প্রক্রিয়া অনুসরণ করতে হয়। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটিই এ সংক্রান্ত সিদ্ধান্ত ও নির্দেশনা প্রদান করে।

