ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রথম ম্যাচে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারকে পাওয়া যাবে না বলে প্রায় নিশ্চিত করেছে দলীয় সূত্র। মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তার খেলা নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তা আরও স্পষ্ট করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, নেইমার এখনো চোট থেকে সম্পূর্ণ সেরে ওঠেননি এবং দলের সঙ্গে পূর্ণ অনুশীলনেও ফিরতে পারেননি। তিনি বলেন, নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন, তবে এই সপ্তাহে তিনি পুরো দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন না।
গত ১৭ মে ডান পায়ে গ্রেড-২ ইনজুরিতে আক্রান্ত হন Neymar। এরপর থেকে তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন এবং মূলত জিমেই অনুশীলন করছেন।
কোচ আনচেলত্তি আরও বলেন, নেইমারকে দলে রাখা হয়েছে তার দক্ষতার পাশাপাশি অভিজ্ঞতা এবং তরুণ খেলোয়াড়দের জন্য তার নেতৃত্বগুণ বিবেচনায়।
এদিকে ব্রাজিলের লক্ষ্য রয়েছে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া। ১৯ জুন ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ম্যাচে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে বলে আশা করা হচ্ছে।

