বিশ্বকাপের ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আজ ভোররাতে মরক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। জয় দিয়ে ‘হেক্সা’ মিশন শুরু করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল।
তবে বিশ্বকাপ অভিযান শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। ইনজুরির কারণে দলে নেই তারকা ফুটবলার নেইমার। যদিও এ নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন কোচ কার্লো আনচেলত্তি। তার বিশ্বাস, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াসহ দলের অন্যান্য তারকারা আক্রমণভাগে দায়িত্ব পালন করে দলকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে সক্ষম হবেন।
অন্যদিকে, আফ্রিকার বর্তমান চ্যাম্পিয়ন মরক্কোও আত্মবিশ্বাসী। কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে ওঠা দলটি বর্তমানে দারুণ ছন্দে রয়েছে। শক্তিশালী রক্ষণভাগ, সংগঠিত মাঝমাঠ এবং আশরাফ হাকিমির গতিনির্ভর আক্রমণ ব্রাজিলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেন, প্রতিটি বিভাগে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে হবে। মরক্কো আফ্রিকার অন্যতম সেরা দল। আমরা প্রস্তুত এবং বিশ্বকাপের ভালো সূচনা করতে চাই।
এদিকে মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি বলেন, নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখতে হবে। ব্রাজিলকে ভয় পাওয়ার কিছু নেই, তবে তাদের যথাযথ সম্মান দিতে হবে। অনেকেই বলছেন এটি আগের মতো ভয়ংকর ব্রাজিল নয়, কিন্তু দিনশেষে দলটির নাম ব্রাজিল।
পরিসংখ্যানও মরক্কোর আত্মবিশ্বাস বাড়াচ্ছে। নিজেদের সর্বশেষ ৪৫ ম্যাচে মাত্র দুটি হার দেখেছে অ্যাটলাস লায়ন্সরা। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার ব্রাজিলের বিপক্ষে চমক দেখানোর স্বপ্ন দেখছে আফ্রিকান দলটি।

