পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, সেটি সেতুর মূল কাঠামোর ক্ষতি করার মতো কোনো ঘটনা নয়।
মন্ত্রী বলেন, সেতু নির্মাণের সময় বিভিন্ন প্রতিবন্ধকতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে কিছু অতিরিক্ত মাটি রাখা হয়েছিল। নির্মাণকাজের সহায়ক হিসেবে থাকা ওই মাটি দীর্ঘদিন সরানো হয়নি। পরবর্তীতে স্থানটি উঁচু হয়ে যাওয়ায় সেখানে মই ব্যবহার করে কিছু জিনিস চুরির চেষ্টা বা ঝুঁকি তৈরি হওয়ার ঘটনা সামনে আসে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত মাটি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় মাটি সমতল করে সেখানে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

