মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় সোহেল মুন্সী (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৭ জুন) গভীর রাতে উপজেলার গাওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে নিজ বাড়ির উঠানে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যার পর দুর্বৃত্তরা নিহতের ব্যবহৃত মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয়।
নিহত সোহেল মুন্সী কালুরগাঁও গ্রামের মৃত ইসমাইল মুন্সীর ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। তার স্ত্রী নুপুর বেগম সন্তানকে নিয়ে পাশের ঘরে শাশুড়ির সঙ্গে ঘুমাচ্ছিলেন।
রাত আনুমানিক ২টার দিকে বাড়ির উঠান থেকে শব্দ শুনে সোহেলের মা সেফালি বেগম ও স্ত্রী নুপুর বেগম ঘুম থেকে জেগে বাইরে এসে সোহেলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। একই সঙ্গে তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন জ্বলতে দেখেন তারা।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে ঘর থেকে ডেকে অথবা জোরপূর্বক বাইরে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে হত্যার আলামত নষ্ট বা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে মোটরসাইকেলে আগুন দিয়ে তারা পালিয়ে যায়।
খবর পেয়ে লৌহজং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং তদন্ত শুরু করে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হাসান জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

