কুড়িগ্রামের রাজারহাট-তিস্তা সড়কের রেললাইনের ওপর বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ। এতে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে রেলপথ সংলগ্ন রাজারহাট-তিস্তা সড়ক যোগাযোগও ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৭টা ১০ মিনিটের দিকে রাজারহাট উপজেলার পেট্রলপাম্প-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বালুভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়লে কুড়িগ্রাম জেলার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি। অনেক যাত্রী বাধ্য হয়ে বিকল্প উপায়ে তিস্তা জংশন স্টেশনের উদ্দেশে রওনা দেন।
ঢাকাগামী যাত্রী রুবেল মিয়া বলেন, সকালে স্টেশনে এসে ট্রেন চলাচল বন্ধের খবর জানতে পারেন। পরে অতিরিক্ত খরচ করে অটোরিকশায় তিস্তা স্টেশনে যেতে হয়েছে।
আরেক যাত্রী আব্দুল কাদের জানান, আগে থেকে কোনো তথ্য না পাওয়ায় তিনি বিপাকে পড়েছেন। জরুরি কাজে ঢাকায় যাওয়ার পরিকল্পনা থাকলেও এখন বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মোস্তাফিজার রহমান জানান, ভোরে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন ট্রাকটি রেললাইনের ওপর উল্টে আছে, যার কারণে পুরো রেলপথ বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাক সরিয়ে রেলপথ সচলের কাজ শুরু করে।
কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কনিকা জানান, বালুভর্তি ট্রাকটি রেললাইনের ওপর উল্টে পড়ায় লাইন ব্লক হয়ে গেছে। ট্রাক অপসারণের কাজ চলমান রয়েছে। রেললাইন নিরাপদ ঘোষণা করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কুড়িগ্রাম-তিস্তা রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

