বেসরকারি সংবাদমাধ্যম সময় টেলিভিশনের পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর মুখ্য হাকিম আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত তাকে কারাগারে পাঠান।
এর আগে, বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে দায়ের করা একটি মামলায় আদালতের সমন উপেক্ষা করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আহমেদ জোবায়ের, তার পরিবারের সদস্য এবং মামলার দুই সাক্ষীসহ মোট ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালত সূত্রে জানা যায়, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা বিশ্বাসভঙ্গ সংক্রান্ত মামলায় অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে আহমেদ জোবায়েরসহ অভিযুক্তদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এ লক্ষ্যে গত ১০ মে সমন জারি করা হয় এবং অভিযুক্তদের ১৭ জুন সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে আইনি জবাব দাখিলের নির্দেশ ছিল।
তবে নির্ধারিত তারিখে কেউ আদালতে উপস্থিত না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরোয়ানাভুক্ত অন্যদের মধ্যে রয়েছেন আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী, দুই সন্তান সারাফ নাওয়ার জয়ীতা ও আহমেদ রাফিদ কাদের ঋভু। এছাড়া মামলার সঙ্গে সংশ্লিষ্ট শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরীর বিরুদ্ধেও একই আদেশ দেওয়া হয়েছে।

