পঞ্চগড় সদর উপজেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের ঝিটকিখুড়া এলাকার একটি পাকা রাস্তার পাশ থেকে মর্টারশেলটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতমেড়া ইউনিয়নের মাঝিপাড়া ব্রিজ সংলগ্ন চিলকা নদী থেকে বালু ও পাথর উত্তোলনের সময় কয়েকজন শ্রমিক মর্টারশেলটি খুঁজে পান। প্রথমে এটিকে গুপ্তধন মনে করে তারা নিজেদের বাড়িতে নিয়ে যান এবং পরিষ্কার করতে শুরু করেন। পরে এটি যুদ্ধকালীন বিস্ফোরক অস্ত্র বুঝতে পেরে আতঙ্কিত হয়ে রাস্তার পাশে ফেলে রেখে যান।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে মধ্যরাতে সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) চন্দন কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ঝিটকিখুড়া এলাকার আনোয়ার হোসেন (২৮), ফেরদৌস (২৪), মোমিনুল ইসলাম (৩০)সহ কয়েকজন শ্রমিক চিলকা নদী থেকে এটি উদ্ধার করেন। তারা প্রথমে এটিকে গুপ্তধন ভেবে বাড়িতে নিয়ে গেলেও পরে মর্টারশেল হিসেবে শনাক্ত করে রাস্তার পাশে রেখে দেন।
তিনি আরও জানান, মর্টারশেলটি নিষ্ক্রিয় করার জন্য রংপুর বোমা ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি পুরোনো মর্টারশেল।

