রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর সানজিদা (৯) নামে এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া গ্রামের বাড়ির অদূরে ডালিয়া ক্যানেলের পাশের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সানজিদা ভীমপুর করানীপাড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলার সময় সানজিদা নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসী সম্ভাব্য বিভিন্ন স্থানে রাতভর খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি।
শনিবার সকালে বাড়ির কাছেই ডালিয়া ক্যানেলের পাশের একটি পাটক্ষেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে সংবাদ পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

