দক্ষিণ ও পূর্ব লেবাননে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার বিকাল পর্যন্ত চলা এসব হামলায় অন্তত ২৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের গণমাধ্যম ও জরুরি সেবাকর্মীরা।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) দাবি করেছে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের অভিযোগ, যুদ্ধবিরতির একদিন পর ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়ে হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করেছে।
আইডিএফ জানিয়েছে, তারা রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। এক সামরিক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনীকে লেবাননে গুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
ইসরায়েলের চ্যানেল ১২ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক নেতৃত্ব ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমন্বয়ের পর এ নির্দেশনা দেওয়া হয়। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের অবস্থান অব্যাহত থাকবে।
এদিকে নেতানিয়াহু আইডিএফকে হিজবুল্লাহর যেকোনো হামলার কঠোর জবাব দেওয়া এবং ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে থাকা হুমকি মোকাবিলার নির্দেশ দিয়েছেন। ইসরায়েলের দাবি, গত দুই দিনে হিজবুল্লাহর হামলার জবাবে তারা প্রায় ৩০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং প্রায় ১০০ জনকে হত্যা করেছে।
ইসরায়েলি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ আবার হামলা চালালে আরও কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। তবে হিজবুল্লাহর হামলায় নিজেদের কোনো হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি আইডিএফ।

