বীর মুক্তিযোদ্ধা মো. মোশারেফ হোসেন মোল্লার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। রবিবার (২১ জুন) সকাল ১০টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন আয়োজন করা হয়।
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, মুক্তিযোদ্ধা শেখ বোরহান উদ্দিন ও ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মো. মোশারেফ হোসেন মোল্লাসহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন মোল্লার সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। তারা এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এছাড়া, অপপ্রচার বন্ধ এবং প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ পরিবেশন এবং মিথ্যা সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা র্যালি নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

