চীনের ডালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে তিনি এই যাত্রা শুরু করেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী।
১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’র প্ল্যানারি সেশনে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম সংশ্লিষ্ট প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন।
‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য আন্তর্জাতিক বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন দেশের উন্নয়ন অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত সোমবার (২২ জুন) চীন সফরে ডালিয়ান পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

