দেশে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৭ জন শিশু।
রোববার (২৮ জুন) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬১৯ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। ফলে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১২ জনে।
গত একদিনে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১১৬ শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে নতুন করে শনাক্ত হয়েছে আরও ৯৪১ জন। সব মিলিয়ে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭ জন।
এ সময় নতুন করে ৮৮৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৮৬৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে ৯৯ হাজার ২০৭ জনে পৌঁছেছে। এর মধ্যে পরীক্ষায় ১১ হাজার ৭১০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে মোট ৮২ হাজার ৮৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ১৫২ জন।

