নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা Muhammad Yunus বলেছেন, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর সরকারের নেতৃত্ব গ্রহণে তাকে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা Asif Mahmud Sajib Bhuiyan।
রোববার (২৮ জুন) সাভারের জিরাবোতে ইউনুস সেন্টার ও গ্রামীণ গ্রুপ আয়োজিত ১৬তম ‘সোশ্যাল বিজনেস ডে’-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
সেদিনের ঘটনার স্মৃতিচারণ করে ড. ইউনুস বলেন, “আসিফই সেই তরুণ, যে আমাকে এই দায়িত্ব নিতে জোর করেছিল।”
তিনি জানান, শেখ হাসিনা সরকারের পতনের সময় তিনি প্যারিস অলিম্পিক উপলক্ষে ফ্রান্সে অবস্থান করছিলেন। সে সময় আসিফ মাহমুদ বারবার তার সঙ্গে যোগাযোগ করে দেশের দায়িত্ব নেওয়ার অনুরোধ জানান। তবে শুরুতে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।
ড. ইউনুস বলেন, তিনি বারবার আসিফকে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কারণ, তিনি নিজেকে এ ধরনের দায়িত্বের জন্য উপযুক্ত মনে করতেন না। জবাবে আসিফ মাহমুদ বলেন, দেশে তিন দিন ধরে কার্যকর সরকার নেই এবং মানুষ নতুন সরকারের অপেক্ষায় রয়েছে। সেই পরিস্থিতির কথা বিবেচনা করেই শেষ পর্যন্ত দায়িত্ব গ্রহণে সম্মতি দেন ড. ইউনুস।
তিনি আরও জানান, সম্মতি দেওয়ার পর আসিফ মাহমুদ তাকে দ্রুত দেশে ফেরার আহ্বান জানান এবং প্রথম ফ্লাইটেই বাংলাদেশে ফিরে আসার অনুরোধ করেন।
অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের আরেক নেতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা Nahid Islam-এর ভূয়সী প্রশংসা করেন ড. ইউনুস। তাকে ইঙ্গিত করে তিনি বলেন, “সে শুধু একজন ব্যক্তি নয়, সে নিজেই একটি ইতিহাস।”
ড. ইউনুস দাবি করেন, কঠোর দমন-পীড়নের মধ্যেও ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে সরকার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আন্দোলনের সময় বহু মানুষ প্রাণ হারিয়েছেন, তবুও আন্দোলনের নেতারা রাজপথে থেকে নেতৃত্ব দিয়ে গেছেন।

