চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন। সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। তবে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত কেন্দ্রে প্রবেশ করতে হবে। সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ থাকলেও নির্ধারিত সময়ের পর দেরিতে এলে বিশেষ পরিস্থিতিতে রেজিস্টারে তথ্য সংরক্ষণ করে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
বোর্ডভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৩১০টি কেন্দ্রে ৩ লাখ ৩৯৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন, যশোর বোর্ডে ১ লাখ ১৭ হাজার ২১০ জন, দিনাজপুর বোর্ডে ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন, চট্টগ্রাম বোর্ডে ৯৯ হাজার ৬৮৮ জন, কুমিল্লা বোর্ডে ৯৪ হাজার ৮০২ জন, মাদরাসা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন, কারিগরি বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন, ময়মনসিংহ বোর্ডে ৭৩ হাজার ৩৭ জন, সিলেট বোর্ডে ৭১ হাজার ৭১১ জন এবং বরিশাল বোর্ডে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলো কঠোর নির্দেশনা জারি করেছে। প্রতিটি পরীক্ষার কক্ষে প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে কক্ষ পরিদর্শক নিয়োজিত থাকবেন এবং কোনো কক্ষে দুইজনের কম পরিদর্শক দায়িত্ব পালন করতে পারবেন না। নির্ধারিত আসনবিন্যাসও কঠোরভাবে অনুসরণ করা হবে।
প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে বহুমাত্রিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষা শুরুর তিন দিন আগে ট্রেজারি বা থানা লকারে সংরক্ষিত প্রশ্নপত্র যাচাই করা হবে। পরীক্ষার দিন পুলিশের প্রহরায় প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে এবং নির্ধারিত সেট কোড পাওয়ার পরই প্রশ্নপত্র খোলা হবে। নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এবার সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক করা হয়েছে। ক্যামেরার তথ্য শিক্ষা বোর্ডে জমা দিতে হবে এবং সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগের মাধ্যমে কেন্দ্রগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। এছাড়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার্থীদেরও নিষিদ্ধ ডিভাইস বহন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এইচএসসি পরীক্ষা উপলক্ষে সার্বিক সমন্বয় ও জরুরি যোগাযোগের জন্য ঢাকা শিক্ষা বোর্ড বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে। পরীক্ষা-সংক্রান্ত যেকোনো তথ্য ও সহায়তার জন্য নির্ধারিত হটলাইন ও ই-মেইলে যোগাযোগ করা যাবে।

