কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কারণে সাইবার নিরাপত্তা ঝুঁকি দ্রুত বাড়তে থাকায় সফটওয়্যার আপডেট প্রকাশের কৌশলে পরিবর্তন আনছে Apple। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের সুরক্ষা আরও জোরদার করতে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংশোধনী (সিকিউরিটি প্যাচ) নতুন আইওএস সংস্করণ প্রকাশের আগেই উন্মুক্ত করা হবে।
মঙ্গলবার (৩০ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে Reuters।
এতদিন নতুন আইওএস সংস্করণ প্রকাশের সঙ্গে নিরাপত্তা সংশোধনীও সরবরাহ করা হতো। ফলে নিরাপত্তা ত্রুটি শনাক্ত হলেও ব্যবহারকারীদের আপডেট পেতে নতুন সংস্করণ প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হতো। এ সময় ডেভেলপার ও পরীক্ষকেরা কয়েক সপ্তাহ ধরে সফটওয়্যারটি পরীক্ষা-নিরীক্ষা করতেন।
নতুন নীতিমালা অনুযায়ী, পুরো আইওএস ২৬.৬ সংস্করণ প্রকাশের জন্য আর অপেক্ষা করবে না অ্যাপল। বরং গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি শনাক্ত হলে তা দ্রুত সমাধান করে আলাদাভাবে আপডেট প্রকাশ করা হবে, যাতে সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি কমানো যায়।
অ্যাপলের ভাষ্য, এআই প্রযুক্তি ব্যবহার করে হ্যাকাররা আগের তুলনায় দ্রুত এবং আরও জটিল সাইবার হামলার কৌশল তৈরি করতে সক্ষম হচ্ছে। তাই নিরাপত্তা সংশোধনী প্রকাশ এবং ব্যবহারকারীর ডিভাইসে তা পৌঁছানোর সময় যত কম হবে, ঝুঁকিও তত কমবে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, সংশোধন করা নিরাপত্তা ত্রুটিগুলোর অপব্যবহারের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবুও সম্ভাব্য হামলা প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগেভাগেই আপডেট প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে আরও গতিশীল ও কার্যকর করা এখন সময়ের দাবি। অ্যাপলের এই উদ্যোগ প্রযুক্তি খাতে নিরাপত্তা জোরদারের নতুন প্রবণতারই প্রতিফলন।

