ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলি হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একইসঙ্গে জানাজায় অংশ নিতে দেশটিতে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনজন সংসদ সদস্যসহ চার নেতা।
এনসিপি সূত্র জানিয়েছে, পাটওয়ারী ইতোমধ্যে ইরান দূতাবাসে ভিসার জন্য আবেদন করলেও এখনো তা হাতে পাননি; ফলে বিমানের টিকিট কাটা সম্ভব হয়নি এবং যাত্রার নির্দিষ্ট সময়ও নিশ্চিত করা যাচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির নেতাদের মতে, প্রয়াত এই নেতাকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে ঢাকা-তেহরান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি এনসিপিও ইরানের সঙ্গে একটি ভালো কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ পাবে।

