নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার জয়কে ঘিরে আবারও আলোচনায় এসেছেন ঘানার আলোচিত তান্ত্রিক কোয়াকু বোনসাম। ম্যাচের আগে তিনি দাবি করেছিলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে বড় অঘটন ঘটাবে কেপ ভার্দে। তবে মাঠের ফলাফল তার সেই ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করেছে।
ম্যাচে কেপ ভার্দে শক্ত প্রতিরোধ গড়ে তুললেও নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হয় লড়াই। অতিরিক্ত সময়েও দুই দল সমানতালে আক্রমণ চালায়। শেষ পর্যন্ত প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং নকআউট পর্ব পেরিয়ে পরবর্তী ধাপে জায়গা করে নেয়।
এর আগে একাধিক বিতর্কিত ভবিষ্যদ্বাণীর মাধ্যমে আলোচনায় আসেন কোয়াকু বোনসাম। তিনি দাবি করেছিলেন, ২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে পর্তুগাল এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। এছাড়া ইংল্যান্ড-ঘানা ম্যাচে হ্যারি কেইন তার কথিত ‘কালো জাদুর’ প্রভাবে গোল করতে পারবেন না বলেও মন্তব্য করেছিলেন। কাকতালীয়ভাবে ওই ম্যাচে কেইন গোল করতে না পারায় বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দেয়। পরে পানামার বিপক্ষে ম্যাচের আগে তিনি সেই প্রভাব সরিয়ে নেওয়ার দাবি করেন এবং ওই ম্যাচে কেইন গোল করেন।
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের আগে বোনসামের সাম্প্রতিক ভবিষ্যদ্বাণী সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার জয় তার দাবিকে ভুল প্রমাণ করে। একই ম্যাচ নিয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল রামোস-হোর্তাও আর্জেন্টিনার পরাজয়ের পূর্বাভাস দিয়েছিলেন। তবে সেই অনুমানও বাস্তবে রূপ নেয়নি।

