রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ব্যক্তিগত প্রতিশোধ নয়, বরং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে। শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি বলেন, গত ১৭ বছরে তাঁর মায়ের ওপর হওয়া অন্যায়-অত্যাচারের প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকলেও তাঁর বিশ্বাস, তাঁর মা কখনোই প্রতিশোধের পথ বেছে নিতে বলতেন না। বরং তিনি দেশকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানাতেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, একই প্রশ্ন তাঁর ছোট ভাইকে করা হলেও সেও মায়ের মতোই প্রতিশোধের পরিবর্তে দেশের কল্যাণ ও ঐক্যের কথাই বলত। তিনি জোর দিয়ে বলেন, বিভক্ত জাতি কখনোই উন্নয়নের পথে এগোতে পারে না। তাই দেশের স্বার্থে সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এই সম্মেলনে শহীদ ও আহত পরিবারের সদস্যরা আবেগঘন বক্তব্য দেন। প্রধানমন্ত্রী বলেন, গণ-অভ্যুত্থানে যাঁরা ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হবে। তবে সেই মূল্যায়নের নামে কাউকে বঞ্চিত করা হবে না।
জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, শহীদ ও আহত পরিবারের সদস্য এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

