মাদারীপুর শহরের শকুণি লেকের পাড়ে জেলা ও দায়রা জজের সরকারি বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন।
এদিকে, যে এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই একই এলাকায় বিচারকের বাসভবনের সামনে অবস্থিত শহরের স্বাধীনতা অঙ্গনে মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ হওয়ার কথা রয়েছে। এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সমাবেশ শুরুর কয়েক ঘণ্টা আগে বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সঙ্গে এনসিপির পূর্বনির্ধারিত সমাবেশের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজনৈতিক কোনো পক্ষের অভ্যন্তরীণ কমিটি গঠন নিয়ে বিরোধ কিংবা বিকেলের সমাবেশকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

