বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করতে সেলেসাওদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে নিয়ন্ত্রণে রাখা। ম্যাচের আগে সেই লক্ষ্যেই বিশেষ পরিকল্পনা সাজিয়েছে ব্রাজিল শিবির।
বাংলাদেশ সময় সোমবার (৬ জুলাই) রাত ২টায় নিউ জার্সিতে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। ম্যাচের আগে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, হালান্ডের মতো বিশ্বমানের ফরোয়ার্ডকে নিয়ে তার ডিফেন্ডারদের আলাদা করে কিছু বোঝানোর প্রয়োজন নেই।
আনচেলত্তি বলেন, “হালান্ডকে সবাই চেনে। আমার ডিফেন্ডারদের বুঝিয়ে বলতে হবে না সে কীভাবে খেলে। তারা আমার চেয়েও তাকে ভালো চেনে, কারণ তার বিপক্ষে তারা অনেকবার খেলেছে। তবে অবশ্যই তার শক্তি ও সামর্থ্য সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। সে খুবই বিপজ্জনক একজন ফরোয়ার্ড।”
অন্যদিকে ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারেস মনে করেন, হালান্ডকে থামানোর সবচেয়ে কার্যকর উপায় হলো তার কাছে বল পৌঁছাতে না দেওয়া।
গিমারেস বলেন, “আমাদের চেষ্টা থাকবে বল যেন হালান্ডের কাছে না যায়। আমরা আক্রমণে উঠব, তবে সব সময় একজন খেলোয়াড় তার কাছাকাছি থাকবে, যাতে সে কোনো ফাঁকা জায়গা না পায়। কারণ আমরা জানি, মাত্র একটি সুযোগ পেলেই সে ম্যাচের ফল বদলে দিতে পারে।”
নরওয়ের ফিজিক্যাল ফুটবল এবং সেট-পিস থেকেও বড় হুমকি দেখছেন গিমারেস। তার মতে, কর্নার ও ফ্রি-কিক থেকে নরওয়ে যেকোনো সময় বিপজ্জনক হয়ে উঠতে পারে।
তিনি বলেন, “তারা আমাদের বক্সে অনেক বল পাঠাবে এবং প্রতিটি কর্নার কিংবা ফ্রি-কিক থেকে গোল করার চেষ্টা করবে। তাদের এই শক্তিকে মোকাবিলা করার জন্য আমরা পুরো সপ্তাহজুড়ে অনুশীলন করেছি। এটি অত্যন্ত কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে।”

