সোনারগাঁও ইউনিভার্সিটি (এসএইউ) ক্যাম্পাসে আজ রোববার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে ‘সৃষ্টির সৌন্দর্য ও দ্রোহের দীপ্তি’ প্রতিপাদ্যকে ধারণ করে দুই মহাকবির কালজয়ী সাহিত্য ও জীবনদর্শনকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়। ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে’—রবীন্দ্রনাথের এই অমীয় বাণী এবং কাজী নজরুল ইসলামের ‘আমি চির-বিদ্রোহী বীর—বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!’—দুই কবির এই শিল্প ও বিদ্রোহের সুর যেন এক মোহনায় এসে মিশেছিল আজকের আয়োজনে। তাদের অমর সাহিত্য ও আদর্শ কীভাবে আজও আমাদের জীবন ও সমাজকে আলোকিত করতে পারে, সেই দ্যোতনাই ছিল অনুষ্ঠানের মূল উপজীব্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর বুলবুল আহমেদ, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর মো. আল-আমিন মোল্লা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন বি. জে. (অব.) প্রফেসর হাবিবুর রহমান কামাল (এনডিসি, পিএসসি), কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. এ এস এম তারিক ইকবাল এবং সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের আলোচনা পর্বে মুখ্য আলোচক হিসেবে অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম দত্ত। তাঁদের জ্ঞানগর্ভ আলোচনায় রবীন্দ্র সাহিত্যের বিশ্বজনীন প্রেম ও মানবতা এবং নজরুল সাহিত্যের অপরাজেয় দ্রোহ ও সাম্যের জয়গান নতুন মাত্রায় উপস্থাপিত হয়। বক্তারা দুই কবির অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোনারগাঁও ইউনিভার্সিটির বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. শামীম সরকার।

