প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেস (আইএপিবি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশে চক্ষু স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অন্ধত্ব প্রতিরোধ, দৃষ্টিপ্রতিবন্ধিতা হ্রাস এবং এ খাতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ দেশের জনগণের জন্য মানসম্মত ও সহজলভ্য চক্ষু চিকিৎসা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং আইএপিবির প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড বৈঠকের বিভিন্ন দিক ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন।

