চলমান বিশ্বকাপের নকআউট পর্বে একের পর এক অপ্রত্যাশিত ফলাফলের পর কোনো দলকেই শিরোপার স্পষ্ট দাবিদার হিসেবে দেখছেন না আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার মতে, এবারের আসরে প্রতিটি দলই সমান চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং আগের বিশ্বকাপগুলোর মতো কোনো দল এখনো ধারাবাহিকভাবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে পারেনি।
মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় ডালাসে শেষ ষোলোর ম্যাচে মিশরের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, অতীতে কয়েকটি দলকে সহজেই শিরোপার প্রধান দাবিদার হিসেবে চিহ্নিত করা যেত। কিন্তু এবার চার থেকে পাঁচটি দল কাগজে-কলমে ফেবারিট হলেও তারা এখনো প্রত্যাশিত মানের ফুটবল উপহার দিতে পারেনি। ফলে নির্দিষ্ট কোনো দলকে শিরোপার সবচেয়ে বড় দাবিদার বলা কঠিন।
স্কালোনির এই মূল্যায়নের পেছনে রয়েছে চলতি বিশ্বকাপের বেশ কয়েকটি নাটকীয় ফলাফল। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে নকআউট নিশ্চিত করলেও রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে কঠিন পরীক্ষায় পড়ে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় অতিরিক্ত সময়ে ৩-২ গোলের জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।
শুধু আর্জেন্টিনাই নয়, অন্যান্য শক্তিশালী দলগুলোকেও কঠিন লড়াইয়ের মুখে পড়তে হয়েছে। ফ্রান্স প্যারাগুয়েকে হারিয়েছে পেনাল্টি থেকে পাওয়া একমাত্র গোলে। স্পেন পর্তুগালের বিপক্ষে জয় পেয়েছে যোগ করা সময়ে। অন্যদিকে টানা দুই দিনে বিদায় নিয়েছে ব্রাজিল ও পর্তুগাল। এর আগে রাউন্ড অব ৩২ থেকেই বিদায় নেয় জার্মানি ও নেদারল্যান্ডস। প্রথম বিশ্বকাপজয়ী উরুগুয়েও গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি।
বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে স্কালোনি বলেন, দীর্ঘ ক্লাব মৌসুমের কারণে খেলোয়াড়দের শারীরিক ক্লান্তি, দীর্ঘ ভ্রমণ, গরম আবহাওয়া, মাঠের অবস্থা এবং ঘাসের মান পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলছে। এসব কারণে দলগুলোর পক্ষে নিজেদের সেরা ফুটবল খেলা কঠিন হয়ে উঠেছে।
তবে নিজের দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট আর্জেন্টিনা কোচ। চার ম্যাচে চার জয়ের ধারাবাহিকতাকে ইতিবাচক হিসেবে দেখলেও তিনি সতর্ক করে বলেন, নকআউট পর্বে সামান্য ভুলও বড় মূল্য ডেকে আনতে পারে। তাই প্রতিটি ম্যাচের পর ভুলগুলো বিশ্লেষণ করে উন্নতির পথে এগিয়ে যাওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

