২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর সুর বদলেছেন ঘানার ভাইরাল তান্ত্রিক নানা কোয়াকু বনসাম। শেষ ষোলোতে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের আগে তিনি প্রকাশ্যেই লিওনেল মেসির প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেছেন।
এর আগে বনসাম দাবি করেছিলেন, কেপ ভার্দের কাছেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা। তবে তার সেই ভবিষ্যদ্বাণী সত্যি হয়নি।
মায়ামিতে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচ শেষে নিজের ভুল ভবিষ্যদ্বাণীর পক্ষে সাফাই না গেয়ে ইনস্টাগ্রামে মেসির একটি ছবি পোস্ট করে তার উদ্দেশে বার্তা দেন বনসাম।
তিনি লেখেন, “আমি, নানা কোয়াকু বনসাম, তোমাকে আরও বেশি ভালোবাসি। আমার ভাই মেসি। কফি বা কফির শক্তি তোমার সঙ্গে থাকুক। শক্তি এখনও তোমার সঙ্গে আছে।”
ঘানার এই আধ্যাত্মিক ব্যক্তিত্ব এবারের বিশ্বকাপে আলোচিত এক চরিত্রে পরিণত হয়েছেন। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ঘানার ম্যাচের আগে তিনি দাবি করেছিলেন, হ্যারি কেইনকে গোল করা থেকে বিরত রাখতে তিনি তার ওপর ‘জাদু’ প্রয়োগ করেছেন।
সেই ম্যাচটি ০-০ গোলে ড্র হওয়ার পর বনসাম আবারও আলোচনায় আসেন। পরে তিনি দাবি করেন, তিনি কেইনকে ‘মুক্তি’ দিয়েছেন এবং ইংল্যান্ড অধিনায়ককে নিজের বন্ধু বলেও উল্লেখ করেন।

