টানা ভারী বৃষ্টি এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় টিলা ধসের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘরের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নের পূর্বভাগ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম।
স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোর থেকে টানা বৃষ্টিপাতের একপর্যায়ে পূর্বভাগ গ্রামের ময়না মিয়ার বাড়ির পাশের টিলার একটি অংশ ধসে পড়ে। এতে বাড়িটির নিচের মাটি সরে গিয়ে গার্ডওয়াল ধসে পড়ে এবং বাথরুমসহ বাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে মূল বসতঘর অক্ষত থাকায় পরিবারের সদস্যরা সেখানেই নিরাপদে অবস্থান করছেন। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলকুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত বাড়িটি রাস্তার পাশে টিলার পাদদেশে অবস্থিত। প্রায় ১৫ ফুট উঁচু স্থানে নির্মিত পুরোনো বাড়িটির গার্ডওয়াল ধসে যাওয়ায় পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি পাহাড় ও টিলার পাদদেশে বসবাসকারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, পূর্বভাগ এলাকায় টিলা ধসের ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি এবং এতে কেউ হতাহত হয়নি। প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে।

