নওগাঁ শহরের বনানীপাড়া এলাকায় বাবাকে নির্মমভাবে হত্যার ঘটনায় মাদকাসক্ত ছেলে সুমন (২৫)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে বুধবার রাতে ঢাকায় পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে শহরের সুলতানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার সুমন নিহত রিকশাচালক মাহতাব সরকারের (৬২) ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন সুমন। এ কারণে পরিবারে প্রায়ই অশান্তি লেগে থাকত। মাদকের আসক্তির কারণে প্রায় এক বছর আগে তার স্ত্রী সুমা তাকে ছেড়ে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ নিতে চলে যান। সম্প্রতি তিনি বাড়িতে ফিরলেও পারিবারিক বিরোধের অবসান হয়নি।
ঘটনার আগের রাতে সুমন বাবার সঙ্গে একই ঘরে শুয়েছিলেন। রাতে তার ঘুম না আসায় বাবা মাহতাব সরকার ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া পড়তে থাকেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ভোররাতে সুমন বাবাকে ঘর থেকে টেনে উঠানে নিয়ে যান। সেখানে কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার পর একটি ইট দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মাহতাব সরকারের মৃত্যু হয়।
ঘটনার পর সুমন পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নওগাঁ ও বগুড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি বিশেষ দল সুলতানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সে ঢাকায় পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। বিশেষ অভিযান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অল্প সময়ের মধ্যেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, জেলার সব ধরনের অপরাধীকে আইনের আওতায় আনতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

