টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কর্মসূচিতে শতাধিক চক্ষুরোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। তাদের মধ্যে ছানিজনিত সমস্যায় আক্রান্ত শতাধিক রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য নির্বাচন করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় প্যারিআটা গণকেন্দ্র পাঠাগারের নিজস্ব কার্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্যারিআটা গণকেন্দ্র পাঠাগারের সহযোগিতায় এবং জামালপুরের তারাকান্দি শাখার ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে দিনব্যাপী এ কর্মসূচি পরিচালিত হয়।
আয়োজকরা জানান, ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় চোখের ড্রপ ও প্রাথমিক ওষুধ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ছানি শনাক্ত হওয়া রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্যারিআটা গণকেন্দ্র পাঠাগারের সভাপতি মহাসিন হোসেন বলেন, ৪০ জন স্বেচ্ছাসেবীর উদ্যোগে ২০২৫ সালের ৬ জুন পাঠাগারটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এখানে শিশু ও বয়স্কদের জন্য বিনামূল্যে আরবি শিক্ষা, মাসিক বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, লাইব্রেরি সেবা এবং ইংরেজি স্পোকেন কোর্স পরিচালিত হচ্ছে।
পাঠাগারের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, এলাকার মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনসেবামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা শিউলি আক্তার বলেন, দরিদ্র মানুষের জন্য এমন বিনামূল্যের চিকিৎসাসেবা অত্যন্ত উপকারী। নিয়মিত এ ধরনের আয়োজন হলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবেন।
চোখ পরীক্ষা করিয়ে প্রয়োজনীয় ওষুধ ও চশমা পেয়ে সন্তোষ প্রকাশ করেন ৬২ বছর বয়সী হাজেরা বেগম। তিনি বলেন, চোখের সমস্যার কারণে স্বাভাবিক কাজকর্ম করতে কষ্ট হতো। চিকিৎসকের আন্তরিক সেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে তিনি স্বস্তি প্রকাশ করেন এবং এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য কৃতজ্ঞতা ও শুভকামনা জানান।
বিনামূল্যে উন্নত চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা পেয়ে এলাকার দরিদ্র, অসহায় ও প্রবীণ মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

