শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার (১৫ জুলাই) পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ শুরুর আগে তারা সড়কে অবস্থান নেন। এতে সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে সড়কের বিভিন্ন অংশে অবস্থান নেন। আন্দোলনের সময় তারা ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’ এবং ‘কে বলেছে, কে বলেছে—শিক্ষামন্ত্রী’সহ বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে পরীক্ষা স্থগিত, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং তিন দফা দাবি সংবলিত প্ল্যাকার্ডও প্রদর্শন করেন।
আন্দোলনরত এক পরীক্ষার্থী জানান, পূর্বঘোষণা অনুযায়ী তারা পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
সিটি কলেজের শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও পরীক্ষা নেওয়ায় অনেক শিক্ষার্থী চরম ভোগান্তির শিকার হয়েছেন। তাই শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে মঙ্গলবারও একই দাবিতে সায়েন্স ল্যাবরেটরি মোড়, নীলক্ষেত, ঢাকা শিক্ষা বোর্ড এবং জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন আন্দোলনরত পরীক্ষার্থীরা। সেদিনই তারা ঘোষণা দেন যে, বুধবার পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করবেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর পদত্যাগ।

