টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৯ জন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও পাঁচ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৩২ হাজার ৫০০ টাকা।
টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) মো. আরিফুল ইসলামের তত্ত্বাবধানে এবং ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুস সালাম সিদ্দিকের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে ধনবাড়ী পৌরসভার কালিপুর এলাকায় মোবাইল টহল ডিউটির সময় এসআই (নিরস্ত্র) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে একটি বসতবাড়ির উঠান থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি ও হেফাজত থেকে পাঁচ পুরিয়া হেরোইন এবং ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ধনবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুস সালাম সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

