শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের ছয়জন প্রতিনিধি। বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে তারা শিক্ষা ভবনের সামনে থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন। এর আগে বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। পরে আলোচনার জন্য ছয়জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় পুনরায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা, একই বিষয়ের পুনঃপরীক্ষায় আগের ও নতুন পরীক্ষার ফলাফলের মধ্যে সর্বোচ্চ নম্বর চূড়ান্ত হিসেবে গণ্য করা এবং প্রশ্নপত্রে থাকা ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর প্রদান।
এ ছাড়া চলমান অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিয়ে পুনঃপরীক্ষার আয়োজন, পূর্বঘোষণা ছাড়া প্রশ্নপত্রের ধরনে পরিবর্তনের বিষয়টি নম্বর মূল্যায়নে বিবেচনায় নেওয়া এবং পরীক্ষা চলাকালে ‘সচেতন গার্ড’-এর নামে শিক্ষকদের কঠোর ও বিভ্রান্তিকর আচরণ বন্ধের দাবিও জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন করলেও সচিবালয়ে আলোচনায় অংশ নিতে যাওয়া প্রতিনিধি দলের বর্তমান দাবিপত্রে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে আন্দোলনের দাবিতে কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।

