কানাডা থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, কানাডার বাজারে যুক্তরাষ্ট্রের তৈরি গাড়ি, অ্যালকোহল, দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন পণ্যের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক আইন-১৯৩০-এর ৩৩৮ নম্বর ধারা অনুযায়ী এই শুল্ক আরোপ করা হয়েছে। ওই ধারায় বলা হয়েছে, কোনো দেশ যদি মার্কিন পণ্যের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে, তাহলে পাল্টা ব্যবস্থা হিসেবে সেই দেশের পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করার ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে।
প্রশাসনের ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে নতুন শুল্ক কার্যকর হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্যবিষয়ক দূত জেমিসন গ্রিয়ারের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রতি বছর যে পণ্য আমদানি করা হয়, তার মধ্যে প্রায় ২ হাজার কোটি ডলার মূল্যের পণ্যের ওপর এই অতিরিক্ত শুল্ক প্রযোজ্য হবে।
শুল্কের আওতায় থাকা পণ্যের মধ্যে রয়েছে দুগ্ধজাত খাদ্য, আসবাবপত্র, মাছ ধরার ছিপ, গাছপালা ও শাকসবজির বীজ, কাপড়, পরচুলাসহ বিভিন্ন ভোগ্য ও শিল্পপণ্য।
বিশ্বের অন্যতম বৃহৎ দ্বিপক্ষীয় বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে প্রতি বছর বিপুল পরিমাণ পণ্যের লেনদেন হয়। মার্কিন কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কানাডা থেকে ৩৮ হাজার ২০০ কোটি ডলার মূল্যের পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই শুল্ক সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে নতুন চাপ সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

