ফুটবল ক্যারিয়ারের শেষপ্রান্তে পৌঁছালেও নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠের সাফল্যের পর এবার তিনি টেলিভিশন ড্রামা প্রযোজনায় নাম লিখিয়েছেন। ব্রিটিশ ফুটবলভিত্তিক নতুন ড্রামা সিরিজ ‘ডে ওয়ানস’-এ নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। শুধু প্রযোজনাই নয়, সিরিজটিতে ক্যামেরার সামনেও বিশেষ উপস্থিতি থাকবে তার।
এই প্রকল্পে রোনালদোর সঙ্গে যুক্ত হয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি। সিরিজটি নির্মাণ করছেন হলিউডের খ্যাতিমান পরিচালক ম্যাথিউ ভন, যিনি ‘কিংসম্যান’ চলচ্চিত্র সিরিজের নির্মাতা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। চলতি বছর রোনালদো ও ভন যৌথভাবে ‘ইউআর-মার্ভ স্টুডিওস’ প্রতিষ্ঠা করেন। ‘ডে ওয়ানস’ তাদের অন্যতম বড় উদ্যোগ।
নতুন এ যাত্রা নিয়ে রোনালদো বলেন, এটি তার জন্য অত্যন্ত রোমাঞ্চকর একটি অধ্যায় এবং তিনি নতুন নতুন উদ্যোগের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন।
ম্যাথিউ ভন বলেন, মাঠে রোনালদো এমন সব গল্প সৃষ্টি করেছেন, যা কোনো চিত্রনাট্যকারের পক্ষেও লেখা কঠিন। এখন তার সঙ্গে অনুপ্রেরণাদায়ক চলচ্চিত্র ও টেলিভিশন কনটেন্ট নির্মাণের অপেক্ষায় রয়েছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘ডে ওয়ানস’ সিরিজে ব্রিটিশ ফুটবলের বাস্তব চিত্র তুলে ধরা হবে। জনপ্রিয় কমেডি সিরিজ ‘টেড ল্যাসো’র মতো হালকা বিনোদনের পরিবর্তে এতে ফুটবলের কঠিন বাস্তবতা, প্রতিযোগিতা, ব্যবসায়িক দিক এবং পর্দার আড়ালের নানা ঘটনা তুলে ধরা হবে। ইতোমধ্যে ইংল্যান্ডের বার্নেট এফসির মাঠে সিরিজটির শুটিং শুরু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সিরিজটির সম্প্রচারস্বত্ব অর্জনে বড় বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা হতে পারে। কারণ, রোনালদো, থিয়েরি অঁরি ও ম্যাথিউ ভনের মতো আন্তর্জাতিক তারকাদের সম্পৃক্ততায় এটি ইতোমধ্যেই বহুল আলোচিত একটি প্রকল্পে পরিণত হয়েছে।
সিরিজটির কেন্দ্রীয় চরিত্র স্ট্যানলি ডালটন, একজন প্রভাবশালী ফুটবল এজেন্ট। এই চরিত্রে অভিনয় করবেন ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’খ্যাত অভিনেতা ডেমিয়ান লুইস।

