অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণাঞ্চলীয় কারিউত শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর তল্লাশি চৌকিতে অ্যাম্বুলেন্স আটকে দেওয়ার ঘটনায় এক ফিলিস্তিনি নারী তাঁর অনাগত সন্তানকে হারিয়েছেন। সোমবার (২৭ জুলাই) প্রকাশিত মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ছয় মাসের অন্তঃসত্ত্বা ওই নারী গুরুতর রক্তক্ষরণে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হয়। তবে ওয়াফাতা সামরিক তল্লাশি চৌকিতে পৌঁছানোর পর ইসরায়েলি সেনারা অ্যাম্বুলেন্সটি আটকে দেয় এবং স্বাস্থ্যকর্মীদের দ্রুত যাতায়াতে বাধা সৃষ্টি করে।
কারিউত এলাকার অ্যাম্বুলেন্স কর্মকর্তা বাশার আল-কারিউতির বরাতে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, সেনাসদস্যরা অ্যাম্বুলেন্সটিকে চেকপোস্ট অতিক্রম করতে দেয়নি। সংকটাপন্ন অবস্থায় থাকা ওই নারীকে তল্লাশির মুখোমুখি করা হয় এবং চিকিৎসা দলের এক সদস্যকে সাময়িকভাবে আটক করা হয়।
এছাড়া সেনারা অ্যাম্বুলেন্সের ইঞ্জিন বন্ধ করতে বাধ্য করলে জরুরি চিকিৎসা সরঞ্জাম ও লাইফ সাপোর্ট ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে। এর ফলে গর্ভস্থ শিশুর মৃত্যু ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: মিডল ইস্ট আই

