ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর বোর্দোর মাত্র ১৫ কিলোমিটার দূরে পৌঁছে গেছে ভয়াবহ দাবানল। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা প্রকাশ করেছেন শহরের মেয়র থমাস কাজেনাভ। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে এবং প্রয়োজনীয় আশ্রয়ের ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসন জোর প্রস্তুতি শুরু করেছে। এ তথ্য জানিয়েছে বিবিসি।
দাবানল পরিস্থিতি পরিদর্শনে ক্ষতিগ্রস্ত এলাকায় যান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশের সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে উল্লেখ করেন। মাখোঁ বলেন, তীব্র তাপপ্রবাহ, শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, ফলে পরিস্থিতি এখনো অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ফ্রান্সে ২ লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জিরোন্দ অঞ্চলে প্রায় ৪২ হাজার হেক্টর বন ও জমি পুড়ে গেছে এবং ধ্বংস হয়েছে অন্তত ২৪০টি বাড়িঘর।
এদিকে, প্রতিবেশী স্পেনেও ভয়াবহ দাবানল অব্যাহত রয়েছে। দেশটির রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলে আগুনের বিস্তার ঠেকাতে ১ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে প্রায় ২৭ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে এবং এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানান, চলতি বছরের শুরু থেকে দেশে ১ লাখ ১৬ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে এবং ১৩ হাজার ৫০০টিরও বেশি দাবানলের ঘটনা ঘটেছে। তার দাবি, প্রতি ১০টি দাবানলের মধ্যে ৯টিই মানুষের অসাবধানতা বা ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর কারণে সংঘটিত হচ্ছে।

