বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ২০ বিলিয়ন ডলারের একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন এবং এর সংখ্যালঘু মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে এই উদ্যোগকে ‘ফুটবলের আত্মা বিক্রির চেষ্টা’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তাদের দাবি, ফুটবল কোনো বিক্রয়যোগ্য সম্পদ নয় এবং এটি বিক্রির অধিকার ফিফার নেই।
বুধবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ফিফার পরিকল্পনা অনুযায়ী, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ নামে একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন করা হবে, যা সংস্থাটির বাণিজ্যিক ও ইভেন্ট কার্যক্রম পরিচালনা করবে। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ ফিফার কাছেই থাকবে, তবে প্রায় ৪.২ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহের লক্ষ্যে এর সংখ্যালঘু শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা রয়েছে।
ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশুয়া কুশনারের প্রতিষ্ঠিত একটি বিনিয়োগ প্রতিষ্ঠান সম্ভাব্য বিনিয়োগকারী গোষ্ঠীর নেতৃত্ব দিতে পারে।
এ পরিকল্পনার খবর প্রকাশের পরই কড়া প্রতিক্রিয়া জানায় উয়েফা। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এই উদ্যোগ ফুটবল পরিচালনার ক্ষেত্রে এমন একটি সীমা অতিক্রম করেছে, যা কখনোই গ্রহণযোগ্য নয়। উয়েফার মতে, জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন, লিগ, ক্লাব, খেলোয়াড়, সমর্থক এবং সরকার—সবারই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
উয়েফা আরও বলেছে, ফুটবলের আত্মা ও এর পরিচালনা কোনো বাণিজ্যিক পণ্য নয়, বিশেষ করে যখন আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। সংস্থাটির ভাষ্য, ফুটবলের মালিক কেউ নয়, তাই এটি বিক্রি করার অধিকারও কারও নেই।
অন্যদিকে ফিফা তাদের পরিকল্পনার পক্ষে অবস্থান নিয়ে বলেছে, অতিরিক্ত অর্থ সংগ্রহের মাধ্যমে বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে বিনিয়োগ বাড়ানোই এই উদ্যোগের লক্ষ্য। সংগৃহীত অর্থ অবকাঠামো উন্নয়ন, কোচিং, জাতীয় দল, তৃণমূল পর্যায়ের ফুটবল এবং নারী ফুটবলের বিকাশে ব্যয় করা হবে।
বিশ্লেষকদের মতে, এই পরিকল্পনা ফিফা ও উয়েফার দীর্ঘদিনের মতপার্থক্যকে আরও স্পষ্ট করেছে। জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে ফিফা এবং উয়েফার মধ্যে বিভিন্ন ইস্যুতে বিরোধ আগেও প্রকাশ্যে এসেছে। সর্বশেষ এই বাণিজ্যিক উদ্যোগ সেই দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করেছে।
এদিকে যুক্তরাজ্যের রাজনীতিক অ্যান্ডি বার্নহ্যামও এ পরিকল্পনার সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, বিশ্বকাপ কোনো সাধারণ বাণিজ্যিক পণ্য নয়; এটি বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন এবং এর কোনো অংশ বিক্রি করা ফুটবলের আদর্শের পরিপন্থী।

