পর্তুগিজ ফুটবল তারকা ও আল-নাসরের ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে আগামী সপ্তাহে পর্তুগালের মাদিরায় বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ৪১ বছর বয়সী রোনালদো ও ৩২ বছর বয়সী জর্জিনার বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে রোনালদোর জন্মশহর ফুনচালের ঐতিহাসিক ক্যাথেড্রালে। বিয়ের অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় বিকেল ৩টায়।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতি ও আমন্ত্রিত অতিথিরা যাবেন বিলাসবহুল পাঁচ তারকা হোটেল ‘স্যাভয় প্যালেসে’। সেখানেই আয়োজন করা হয়েছে বিয়ের সংবর্ধনা ও জাঁকজমকপূর্ণ ভোজের অনুষ্ঠান। অতিথিদের আপ্যায়নের জন্য হোটেলটির চারটি রেস্তোরাঁ প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে।
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর ছড়িয়েছিল, সিন্ত্রার ‘কুইন্টা দা রেগালেইরা’ এস্টেটে এই সপ্তাহান্তে রোনালদো-জর্জিনার বিয়ে হতে পারে। তবে এস্টেটটি সপ্তাহজুড়ে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকায় সেই গুঞ্জন পরে নাকচ হয়ে যায়।
দ্য সানের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্যক্তিগত অনুষ্ঠানের কারণে শুক্রবার ও শনিবার হোটেলটির দুটি ফ্লোর এবং বার এলাকা সাধারণ অতিথিদের জন্য বন্ধ রাখা হবে। এ বিষয়ে হোটেলে অবস্থানরত অতিথিদের আগেই অবহিত করা হয়েছে।
ফুনচাল শহরটি রোনালদোর জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। এখানেই তার জন্ম ও বেড়ে ওঠা। ফুটবল ক্যারিয়ারে সাফল্যের পর জন্মশহরও তাকে বিশেষভাবে সম্মান জানিয়েছে। সেখানে রোনালদোর একটি ব্রোঞ্জের মূর্তি রয়েছে এবং তার নামেও পরিচালিত হচ্ছে একটি আধুনিক হোটেল।
শৈশবে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেড়ে ওঠা রোনালদোর জন্য জন্মভূমিতে বিয়ের সিদ্ধান্তটি বিশেষ আবেগের বলে মনে করা হচ্ছে। মাত্র ১১ বছর বয়সে ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে তিনি পরিবারের কাছ থেকে দূরে গিয়ে স্পোর্টিং লিসবনের একাডেমিতে যোগ দিয়েছিলেন। সেখান থেকেই শুরু হয় বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকায় পরিণত হওয়ার দীর্ঘ যাত্রা।

