বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন খাতে পেশাগত উৎকর্ষ, সৃজনশীলতা ও মানসম্মত কাজকে আন্তর্জাতিক স্বীকৃতির আওতায় আনতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৬’। রোববার (২ আগস্ট) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে প্রকল্প জমা দেওয়া যাবে। দেশের যেকোনো ইন্টেরিয়র ডিজাইনার ও স্থপতি তাঁদের সম্পন্ন করা কাজ নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ওয়েবসাইটে প্রতিযোগিতার নির্দেশিকা, যোগ্যতার শর্ত, প্রয়োজনীয় কাগজপত্র, জুরি বোর্ডের সদস্যদের পরিচিতি এবং মূল্যায়ন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।
আয়োজকরা আরও জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে ২০২৪ সালের জন্য নির্ধারিত প্রথম আসরটি ২০২৫ সালে অনুষ্ঠিত হয়। প্রথম আয়োজনেই ব্যাপক সাড়া মেলে—আবাসিক, করপোরেট, রিটেইল ও হসপিটালিটি—এই চার বিভাগে মোট ১১৭টি প্রকল্প জমা পড়ে। সেই অভিজ্ঞতার আলোকে এবারের আয়োজন আরও বড় পরিসরে করা হচ্ছে এবং বিচার প্রক্রিয়া ও অংশগ্রহণ পদ্ধতিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আইডেব সভাপতি সৈয়দ কামরুল আহসান বলেন, “বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্প গত তিন দশকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এখন এই শিল্পকে আরও সুসংগঠিত, নীতিনিষ্ঠ ও জবাবদিহিমূলক পর্যায়ে নিয়ে যাওয়া প্রয়োজন। এই অ্যাওয়ার্ড সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আশা প্রকাশ করেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের ডিজাইনাররা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও পরিচিতি লাভ করবেন।
অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান ও আইডেব-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম সরন প্রতিযোগিতার সময়সূচি, আবেদন প্রক্রিয়া ও মূল্যায়ন পদ্ধতি তুলে ধরেন। ভাইস প্রেসিডেন্ট স্থপতি সজীব জাহান দেশের সব ডিজাইনার ও স্থপতিকে তাঁদের সেরা কাজ নিয়ে অংশগ্রহণের আহ্বান জানান।
সুইস গ্লোবাল-এর ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন বলেন, দেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পের সম্ভাবনা ক্রমেই বাড়ছে এবং এ ধরনের উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইডেব-এর উপদেষ্টা শফিউল ইসলাম, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, ‘আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৬’-এর সার্বিক আয়োজন করছে ইন্টেরিয়র ডিজাইনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) এবং আয়োজনে পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছে ডিজাইন ডক্টর্স স্টুডিও।

