রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই অনুষ্ঠানে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে সাভার, বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও যশোরে প্রতিষ্ঠিতব্য ইনস্টিটিউটটির সাতটি শাখার ভিত্তিপ্রস্তরও উন্মোচন করেন তিনি।
সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, বর্তমান সময়ের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে নৈতিক মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে জ্ঞান, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্যেই আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে।
তিনি বলেন, প্রতিষ্ঠানটিতে কেমব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষাপদ্ধতির পাশাপাশি মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয় করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, নেতৃত্বের দক্ষতা ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

