জুলাই গণঅভ্যুত্থানের আদর্শিক বিভাজন নিয়ে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, জুলাই আদর্শিক অক্ষ অনুযায়ী বিভক্ত হয়েছে এবং ডানপন্থি ও অ-ডানপন্থিদের মধ্যে পৃথক অবস্থান তৈরি হয়েছে।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম এসব মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, ডানপন্থি জুলাইয়ের সংগঠনে ডানবিরোধীরা জায়গা পাবেন না। একইভাবে অ-ডানপন্থিদের জুলাই সংগঠনেও ডানপন্থিদের জায়গা হবে না। তার ভাষায়, ‘এটাই জুলাই বন্দোবস্ত।’
মাহফুজ আলম আরও লেখেন, ডান-বামের বাইরে যারা অবস্থান নিতে চাইবেন, তাদের জন্যও এতে শিক্ষা রয়েছে। তিনি দ্রুত ডান বা অ-ডান—যেকোনো একটি জুলাই বেছে নেওয়ার আহ্বান জানান।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না।’
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার প্রাক্কালে গত বছরের ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

