রাজধানীর সড়কে দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। যানবাহন ও পথচারীদের নিরাপত্তায় ট্রাফিক বিভাগ নানা উদ্যোগ নিলেও কমছে না সড়ক দুর্ঘটনায় প্রাণহানি। গত কয়েক ঘণ্টায় ঢাকার পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় আনুমানিক ২৫ বছর বয়সী এক নারী নিহত হন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
এদিকে, সোমবার দিবাগত রাতে মধ্য বাড্ডা ইউ-টার্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় হাসান (৩০) নামে এক যুবক নিহত হন। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে সোমবার বিকেলে যাত্রাবাড়ীর গোলাপবাগ মোড়ে ইরান এক্সপ্রেস নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা, পথচারী ও অন্যান্য যানবাহনের ওপর উঠে যায়। এতে আব্দুল্লাহ আল মামুন (৩০) নামে এক যুবক নিহত হন। দুর্ঘটনায় আরও দুজন আহত হন। পরে পুলিশ বাসটি জব্দ করে এবং চালককে আটক করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক পৃথক তিনটি দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাগুলোর বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করছে।
রাজধানীতে প্রতিদিনই বিভিন্ন সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। এসব দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

