রাজধানীর হাতিরঝিল এলাকায় গাড়ির ধাক্কায় মো. হাসান (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে হাতিরঝিল থানাধীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হাসান নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মির্জানগর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মুন্না। তিনি পেশায় পাঠাও রাইডার ছিলেন এবং বর্তমানে হাতিরঝিল এলাকায় বসবাস করতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি হাতিরঝিল থানাকে জানানো হয়েছে। দুর্ঘটনার কারণ ও জড়িত গাড়ি শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

