জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামী বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি জাদুঘরের বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখবেন। উদ্বোধনের দিন শুধু শহীদ পরিবারের সদস্যদের জন্য জাদুঘর উন্মুক্ত থাকবে। পরদিন বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে নির্ধারিত প্রবেশমূল্যের বিনিময়ে সর্বসাধারণের জন্য জাদুঘরটি খুলে দেওয়া হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এসব তথ্য জানান।
সংস্কৃতিমন্ত্রী বলেন, জাদুঘর নির্মাণ বা ব্যবস্থাপনা নিয়ে কোনো সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। সময়ের সঙ্গে সঙ্গে জাদুঘরটিকে আরও সমৃদ্ধ ও পূর্ণাঙ্গ করে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাদুঘরের উদ্বোধন করবেন। জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। জাদুঘর উদ্বোধন উপলক্ষে বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি বর্ণাঢ্য কনসার্টের আয়োজন করা হয়েছে।
জাদুঘরের প্রবেশাধিকার সম্পর্কে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের দিন জাদুঘরটি শুধু শহীদ পরিবারের সদস্যদের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা নির্ধারিত টিকিট সংগ্রহ করে জাদুঘরে প্রবেশ করতে পারবেন। প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি, কূটনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সংস্কৃতিজন, রাজনৈতিক ব্যক্তিত্ব, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্বে জাদুঘরের মহাপরিচালক অতিথি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাবেন।

