ছাত্রদল দ্রুত ছাত্রলীগের মতো আচরণ করলে তাদের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে সারজিস আলম লেখেন, ‘ছাত্রদল যত তাড়াতাড়ি ছাত্রলীগ হবে, তাদের পরিণতি তত তাড়াতাড়ি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে।’
সারজিস আলমের এ মন্তব্যের আগে একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং মেডিকেল সেন্টারের উন্নয়নসহ বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
জকসুর প্রতিনিধিদের অভিযোগ, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় প্ল্যাকার্ড নিয়ে প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের বিরোধের সৃষ্টি হয়। পরে শিক্ষক ও সাংবাদিকদের ওপরও হামলার অভিযোগ ওঠে।
এদিকে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে সংঘর্ষসহ সাম্প্রতিক এসব ঘটনার প্রেক্ষাপটেই সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে ওই মন্তব্য করেছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

