দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৯৬ জনকে সন্দেহজনক হামরোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৪ আগস্ট পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৯৪৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৮৯৬ জন। একই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬ হাজার ৫৩১ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১২৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ১ লাখ ১৪ হাজার ৩৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১০ হাজার ১৮৭ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুইজনের মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ৪ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫৩ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে ৪ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট ৯৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে হাম পরিস্থিতি পর্যবেক্ষণে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়মিতভাবে পর্যালোচনা করা হচ্ছে।

